সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লারের দাম বাড়ল ৩০ টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ১২:৫৪ পিএম
সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লারের দাম বাড়ল ৩০ টাকা

ফাইল ছবি

রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়ে বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। একই সঙ্গে অধিকাংশ মাছের দামও চড়া থাকায় বাজারে গিয়ে স্বস্তি পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। তবে কিছুটা স্বস্তির খবর হলো, ডিম ও গরুর মাংসের বাজারে নতুন করে তেমন কোনো পরিবর্তন আসেনি।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে চড়া মূল্যের এই চিত্র দেখা যায়। বাজার ঘুরে দেখা গেছে, মাছের বাজারে প্রায় সব ধরনের মাছই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি কেজি রুই মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, কাতল ২৩০ থেকে ৫০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং টাকি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্তের ভরসা তেলাপিয়া প্রতি কেজি ১২০ থেকে ১৬60 টাকা এবং পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের অন্য মাছগুলোর চেয়ে চিংড়ির দাম আগের চেয়ে বেশি। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫৫০ থেকে ৯০০ টাকা। এমনকি কিছু বড় আকারের চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।

মুরগির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। মাংস ও মাছের বাজারে এই অস্থিরতা থাকলেও ডিম ও গরুর মাংসের দাম রয়েছে আগের মতোই। বাজারে বর্তমানে ডজনপ্রতি ডিমের দাম ১০০ থেকে ১১০ টাকা। আর প্রতি কেজি গরুর মাংস আগের দাম অপরিবর্তিত থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এসএইচ 
 

Link copied!