টেস্টকে মাহমুদউল্লাহর বিদায়, পেলেন ‘গার্ড অব অনার’

  • ক্রীড়া ডেস্ক: | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০২:৪৪ পিএম
টেস্টকে মাহমুদউল্লাহর বিদায়, পেলেন ‘গার্ড অব অনার’

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই দীর্ঘ ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন বাংলাদেশ দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা মাহমুদুল্লাহ রিয়াদ। এই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপর্যয়ে দাঁড়িয়ে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। 

কিন্তু তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দেন ডানহাতি এই ব্যাটসম্যান। বেশ জোরেশোরেই গুঞ্জন ওঠে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা আসেনি মাহমুদউল্লাহর কাছে থেকেও। 

কিন্তু পঞ্চম দিন সকালে খেলতে নামার আগে মাহমুদউল্লাহর বিদায়ের খানিকটা ইঙ্গিতই যেন দিয়ে রাখলেন সতীর্থরা। মাঠে নামার আগে মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। অর্থাৎ হারারে টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে ব্যাট প্যাড তুলে রাখছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সেই সময়ে ধারাভাষ্যে ছিলেন শামীম আশরাফ চৌধুরী। তিনি বলেন, ‘আজ সকালে এই ভদ্রলোক…মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ স্কোয়াডের সিনিয়র ক্রিকেটার প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলেন। তবে তিনি প্রত্যেককে জানিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। এজন্য সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়েছে। এই টেস্টের পর বাংলাদেশ দীর্ঘদিন টেস্ট ম্যাচ খেলবে না। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সতীর্থরা গার্ড অব অনার দিয়েছে।’

সাদা পোশাকের ক্রিকেটে মাহমুদউল্লাহ ৫০ টি টেস্ট খেলে ব্যাট হাতে ২ হাজার ৯১৪ রান করেছেন। টেস্ট ক্যারিয়ারে তিনি ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরি করেছেন। বল হাতেও বাংলাদেশের হয়ে কার্যকরী ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ। ডানহাতি এই অফস্পিনার শিকার করেছেন ৪৩ উইকেট।

সোনালীনিউজ/এআর

Link copied!