মেসি-ডি মারিয়াকে নিয়ে মাশ্চেরানোর আবদার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৪:৪২ পিএম
মেসি-ডি মারিয়াকে নিয়ে মাশ্চেরানোর আবদার

ঢাকা: অলিম্পিক ফুটবলে সাধারণত যেকোনো দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলে। তবে কোচ চাইলে দলে ২৩ বছরের বেশি ৩ জন খেলোয়াড় রাখতে পারেন।

আর্জেন্টিনার সাবেক তারকা মাশ্চেরানো সেই তিনজনের দুজন হিসেবে দলে পেতে লিওনেল মেসি ও ডি মারিয়াকে নিয়ে আবদার করেছেন। এর মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের কাছাকাছি রেখে অলিম্পিক মিশনের রাডারে থাকা খেলোয়াড়দের অনুশীলনও করিয়েছেন মাশ্চেরানো। সে সময় দলের সঙ্গে থাকা মেসিকে আর্জেন্টিনা ও বলিভিয়া অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ উপভোগ করতেও দেখা গেছে।

এরই মধ্যে দল বাছাইয়ের কাজও শুরু করেছেন আর্জেন্টাইন কোচ অনূর্ধ্ব-২৩ দলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। আগামী জানুয়ারিতে ভেনেজুয়েলায় শুরু হবে প্রি-অলিম্পিক টুর্নামেন্ট। লাতিন আমেরিকার ৯টি দেশ এই টুর্নামেন্টে অংশ নেবে। 

যেখানে শীর্ষ দুটি দেশ খেলবে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবল প্রতিযোগিতায়। বিশ্বকাপের পর এখন অলিম্পিকেও নিজেদের শ্রেষ্ঠত্ব ফেরাতে মরিয়া আর্জেন্টিনা। সেই লক্ষ্যে কাজ করছেন আর্জেন্টিনা দলে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়ার সাবেক সতীর্থ মাশ্চেরানো।

সম্প্রতি নিজের দল নির্বাচন নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা যুব দলের কোচ মাশ্চেরোনা। যেকোনোভাবে মেসি ও ডি মারিয়াকে নিজের দলে পাওয়ার আগ্রহ জানিয়ে মাশ্চেরানো বলেছেন, ‘দুজন বিশ্বচ্যাম্পিয়নকে দলে পাওয়া অবশ্যই গর্বের বিষয় হবে। এমন খেলোয়াড় আছে, যারা কিছু বিষয় নির্ধারণ করে দিতে পারে। দলে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়াকে পাওয়া হবে সম্মানের ব্যাপার।’

আর্জেন্টিনার সর্বশেষ অলিম্পিক জয়ের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এ তিনজনের নাম। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সোনা জেতা সেই দলে খেলেছেন মেসি, দি মারিয়া ও মাশ্চেরানো। যেখানে ডি মারিয়ার গোলে ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে সোনা জিতেছিল আর্জেন্টিনা। 

এখন মেসি-ডি মারিয়ার শেষবেলায় মাশ্চেরানো হয়তো সেই স্মৃতিটা আরেকবার ফেরাতে চান। তবে ক্লাব ফুটবলের ঠাসা সূচিতে শেষ পর্যন্ত মাশ্চেরানোর মনের ইচ্ছা পূরণ হয় কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

এমনকি অলিম্পিকের মূল পর্বে উত্তীর্ণ হওয়ার পর লিওনেল স্কালোনি যদি দলের কোচ হতে চান, তাতেও আপত্তি নেই মাশ্চেরানোর, ‘যদি সে অলিম্পিক দলের কোচ হতে চায়, সেটা সে হতে পারে।’

এআর

Link copied!