নাহিদ-তানজিদের দাপটে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:০১ পিএম
নাহিদ-তানজিদের দাপটে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

গত শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২২ রানে হেরে ব্যাকফুটে পড়ে যাওয়া বাংলাদেশ আজ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখায়।

সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিন্তু নাহিদ রানার গতির সামনে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার নিক কেলি।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট নেন নাহিদ রানা। সমান খরচে দুই উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানেই ফিরে যান সাইফ হাসান ও সৌম্য সরকার।

এরপর ইনিংস গড়ে তোলেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ১১০ বলে ১২০ রানের জুটি গড়েন। তানজিদ ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রান করে আউট হন।

তানজিদের বিদায়ের পর দ্রুতই ফেরেন লিটন কুমার দাস। শততম ম্যাচ খেলতে নেমে তিনি করেন ৭ রান।

শান্ত ৭১ বলে ৫০ রান করার পর আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপর অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তাওহীদ হৃদয়। হৃদয় ৩০ রানে অপরাজিত থাকেন, আর মিরাজ করেন ৮ রান।

৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

এসএইচ 

Link copied!