উয়েফা নেশনস লিগ

১৪ মিনিটে চার গোল দিয়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০৮:৫৭ এএম
১৪ মিনিটে চার গোল দিয়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স

ম্যাচের শেষ বাঁশি বাজার আগপর্যন্ত যেন বিশ্বাসই হচ্ছিল না! ৭৬ মিনিটে ১-০ গোলে পিছিয়ে থাকা ফ্রান্স তখন হার এড়ানোর পথ খুঁজছে। অথচ পরের ১৪ মিনিটেই বদলে গেল পুরো গল্প। একের পর এক আক্রমণে বেলজিয়ামের রক্ষণ তছনছ করে চার গোল আদায় করে নিল ফরাসিরা। শেষ পর্যন্ত ৪-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ল জিনেদিন জিদানের দল।

সোমবার রাতে ঘরের মাঠে উয়েফা নেশনস লিগের ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু প্রথমার্ধে সেই আধিপত্যের প্রতিফলন দেখা যায়নি স্কোরবোর্ডে। উল্টো ৩৫ মিনিটে দদি লুকেবাকিওর গোলে এগিয়ে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। একের পর এক আক্রমণ চালালেও বেলজিয়ামের গোলরক্ষক মার্টেন ভ্যানডাভোর্ট বেশ কয়েকবার দলকে রক্ষা করেন। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত তাই লিড ধরে রেখেছিল সফরকারীরা।

৭২ মিনিটে মাঠে নামা দেজিরে দুয়ে পাঁচ মিনিটের মধ্যেই সমতা ফেরান। বক্সের বাইরে থেকে নিচু শটে ভ্যানডাভোর্টকে পরাস্ত করেন পিএসজির এই ফরোয়ার্ড।

সমতা ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ৮১ মিনিটে ওলিসের পাস থেকে শের্কির শটে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলরক্ষক বল ছুঁয়েও তা আটকাতে পারেননি।

এরপর বাকি কাজটুকু করেন মাইকেল ওলিসে। ৮৮ মিনিটে নিজের প্রথম গোলটি করার পর যোগ করা সময়ে আবারও জালের দেখা পান বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে চার গোল করে ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করে ফ্রান্স।

পুরো ম্যাচে প্রায় ৬৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল ফ্রান্স। গোলের উদ্দেশ্যে ২৩টি শট নেয় তারা, যার আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে বেলজিয়ামের পাঁচ শটের দুটি ছিল অন টার্গেট।

নেশন্স লিগে প্রথম দুই ম্যাচে জয়ের পর ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ফ্রান্স। বেলজিয়ামকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরল তারা। চলতি আসরে চার ম্যাচের মধ্যে এই প্রথম কোনো ম্যাচে একাধিক গোল করল ফরাসিরা।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। একই গ্রুপে তুরস্ককে ৩-১ গোলে হারানো ইতালি ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় বেলজিয়াম। চার ম্যাচের সবকটিতেই হেরে তুরস্ক রয়েছে তলানিতে।

এদিকে হলুদ কার্ডের কারণে এই ম্যাচে বেলজিয়ামের হয়ে খেলতে পারেননি অধিনায়ক ইউরি টিলেমান্স ও মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনা।

ম্যাচের শুরুতেই অবশ্য বেলজিয়াম সুযোগ তৈরি করেছিল। ১০ মিনিটে রোমেলু লুকাকুর শট ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক। পাঁচ মিনিট পর ফ্রান্সের প্রথম বড় সুযোগটিও নষ্ট হয়। বাহডলে বাহকোলার চিপ শট ফিরিয়ে দেন ভ্যানডাভোর্ট।

৩৫ মিনিটে রোমেও লাভিয়ার নিখুঁত থ্রু পাস ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করেন লুকেবাকিও। এরপর দীর্ঘ সময় লিড ধরে রাখলেও শেষ ১৪ মিনিটের ঝড়ে সেই সুবিধা আর ধরে রাখতে পারেনি বেলজিয়াম।

জাতীয় দলের হয়ে সবশেষ তিন ম্যাচে চার গোল করেছেন ওলিসে। ফ্রান্সের এই জয়ে তাই তার পারফরম্যান্সও হয়ে থাকল আলাদা করে নজরকাড়া।

এম

Link copied!