ছবি : সংগৃহীত
ঢাকা: চলতি বছরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এসব যাত্রী হজ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমিতে গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী। এছাড়া হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের সদস্যসহ মোট ৭৭৪ জন বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
হজ ব্যবস্থাপনা সূত্র জানায়, হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।
পরিবহন পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাঁদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী। মৃত্যুর ঘটনাগুলো মক্কা ও মদিনায় ঘটেছে—মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেন।
সিভিল এভিয়েশন অথরিটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ হজ অফিসের সমন্বিত তথ্যে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয় গত ১৮ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইট গেছে ২১ মে। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, শেষ মুহূর্তে সব ধরনের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব ও বাংলাদেশ উভয় কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
এসআই







































