ছবি : সংগৃহীত
ঢাকা: নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের দেওয়া ১১১ রানের টার্গেটে নেমে পাকিস্তান ৫৬ রানে অলআউট হয়। বাংলাদেশের নারীরা ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
বাংলাদেশের দেওয়া ১১১ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তান বিপদে পড়ে যায়। ফারিয়া তৃষ্ণা পাকিস্তানের প্রথম ওপেনার ইমান নাসেরকে বোল্ড করে মাঠের বাইরে পাঠান। পরের ওভারে শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন ফাহিমা খাতুন। এরপর সানজিদা আক্তার মেঘলা অপর ব্যাটসম্যান হুরাইনা সাজিদকে আউট করে। এতে পাকিস্তানের মেয়েরা আরও চাপে পড়ে যায়।
তবে ইউসরা আমির ও হাফসা খালিদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত পাকিস্তান ৫৬ রানেই অলআউট হয়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন হাফসা খালিদ এবং ১১ রান করেন ইউসরা আমির। অন্যদের মধ্যে কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা তিনটি, ফাহিমা খাতুন দুটি এবং এক একটি উইকেট নেন তিনজন বোলার।
এর আগে বাংলাদেশের মেয়েরা ব্যাট করতে নামেন। ওপেনিং জুটিতে শামীমা সুলতানা ১৩ রান এবং ইসমা তানজিম ১২ রান করেন। পরের ব্যাটাররা বেশিরভাগই রান করতে পারেননি। দলের অধিনায়ক ফাহিমা খাতুন একাই ৩২ বলে ৪০ রান করেন অপরাজিত থেকে। অন্যদের মধ্যে লতা মণ্ডল ৫, ফারজানা ইয়াসমিন ৬, শরিফা শূন্য, সাদিয়া আক্তার ৮, ফাতেমা জাহান ২ ও সানজিদা আক্তার মেঘলা ১ রান করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ১১০ রান করে ইনিংস শেষ করে।
পিএস













-20260220112630.jpg)

























