ছবি : প্রতিনিধি
ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে অস্তিত্বকে অস্বীকার করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রশ্নে আমরা আপসহীন। গণতন্ত্রের প্রশ্নে আমরা আপসহীন। উন্নয়নের স্বার্থে আমরা আপসহীন। অসাম্প্রদায়িকতার প্রশ্নেও আমরা আপসহীন। এই বিষয়গুলো হলো আমাদের ভিত্তি। এই ভিত্তি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
বিএনপির মহাসচিব বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার পর যে নির্বাচনটা আমরা পেয়েছি, সেই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই নির্বাচনে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশকে আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারব। কিন্তু এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে আমরা আবার বিপদের মধ্যে পড়ব।’
ভোটের সময় মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যার কারণে আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে।’
স্বাধীনতাযুদ্ধকে নিজেদের অস্তিত্ব মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের শিকড়টাকে জানা উচিত। আমরা একাত্তর সালে একটা স্বাধীনতাযুদ্ধ করেছি। সেই একাত্তর সালের স্বাধীনতাযুদ্ধ আমাদের অস্তিত্ব।
পিএস
আপনার মতামত লিখুন :