ফাইল ছবি
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল আর নেই। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান।
তিনি জানান, মো. নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে শবে বরাত উপলক্ষে রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহে পাঠানো হয়। পরে স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
নুরুজ্জামান বাদলের মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক শোকের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জামায়াতে ইসলামীর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :