ট্রলারসহ তিন জেলে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগ

  • বরগুনার (পাথরঘাটা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৫৯ পিএম
ট্রলারসহ তিন জেলে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগ

ছবি: প্রতিনিধি

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে একটি ট্রলারসহ তিন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার সময় জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী তাদের ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্যজীবী নেতারা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার দিবাগত রাতে সুন্দরবন সংলগ্ন সাগর এলাকায় মাছ ধরার সময় পাথরঘাটার বাসিন্দা মো. মাসুম মিয়ার মালিকানাধীন একটি নামবিহীন ইঞ্জিনচালিত ছোট ট্রলারসহ তিন জেলেকে জলদস্যুরা ধরে নিয়ে যায়।

ট্রলার মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েক দিন আগে বাজারসদাই করে ওই ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরতে যান। শনিবার রাতে হঠাৎ জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দেওয়ায় অপহৃতদের মারধর করা হচ্ছে বলেও পরিবারের কাছে খবর এসেছে।

তিনি আরও বলেন, কয়েক দিন আগেও একই বাহিনী পাথরঘাটার ফোরকান মাঝি ও সিদ্দিকসহ আট জেলেকে অপহরণ করেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তারা ফিরে আসেন।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের এক গণমাধ্যম কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!