নারী দিবসে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ ও র‍্যালি

  • সাভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৩:৪১ পিএম
নারী দিবসে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ ও র‍্যালি

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে শ্রমিকরা একটি র‍্যালি বের করেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান, নারী শ্রমিক কবিতা ও রেবেকা আক্তারসহ অন্য শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, দেশের গার্মেন্টস খাতে কর্মরত নারী শ্রমিকরা এখনও নানা ধরনের বৈষম্য, হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সমমর্যাদা নিশ্চিত করা জরুরি।

তারা নারী শ্রমিকদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়ন, কর্মক্ষেত্রে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ, নারী ও কন্যা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সম্পত্তি ও কর্মক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করার দাবি জানান।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন, নারীদের সমঅধিকার এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। কর্মক্ষেত্র ও সম্পত্তির ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। তাই নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গার্মেন্টস খাতে নারী শ্রমিকদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি চালুর দাবি জানান তিনি।

এসএইচ 

Link copied!