জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ঘিরে দেশের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল বিপণন ব্যবস্থায় কিছু অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন ডিপো থেকে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী সব ক্ষেত্রে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
এ অবস্থায় তেল বিপণন কোম্পানিগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনা ছাড়াও খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের মতে, এসব ডিপো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো (কেপিআই) হিসেবে চিহ্নিত হওয়ায় সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এম
আপনার মতামত লিখুন :