ছবি: প্রতিনিধি
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংসদকে শুধু প্রাণবন্ত করলেই হবে না, এটিকে কার্যকর করতে হবে। দেশের সব জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রোববার (৮ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বলেন, সংসদকে কার্যকর করা খুবই গুরুত্বপূর্ণ। প্রাণবন্ততা তার সঙ্গে থাকবেই। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নির্দেশনায় সংসদের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন অত্যন্ত প্রাণবন্ত ও কার্যকর হবে।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংসদে বিরোধী দল সাধারণত সবচেয়ে বেশি সুযোগ পায়। সরকারও সেই সুযোগ দিতে প্রস্তুত রয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা ও বিতর্ক হওয়াই তাদের প্রত্যাশা।
প্রথম অধিবেশন সম্পর্কে তিনি বলেন, এবারের অধিবেশন কিছুটা ব্যতিক্রমধর্মী হবে। কারণ বর্তমান স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন। ফলে নতুন করে তাদের নির্বাচন করতে হবে। প্রথম দিন সংসদ নেতা একজন সিনিয়র সদস্যকে অস্থায়ীভাবে সভাপতিত্বের জন্য প্রস্তাব করবেন। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন শেষে সংসদের কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, সংসদ অধিবেশন না থাকাকালে জারি করা প্রায় ১৩৩টি অর্ডিন্যান্স সংসদে উপস্থাপন করা হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী এসব অর্ডিন্যান্স নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদের অনুমোদন নিতে হবে।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এখন সংসদের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
এসএইচ
আপনার মতামত লিখুন :