রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • রাজবাড়ী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৬:০৪ পিএম
রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে একটি পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ৫০০ মণ পাটসহ পাশের তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড় ও মুদির দোকানসহ অন্তত ২১টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য—সোহেল রান, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হন। তাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে পানির পাম্প বা পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে।

পাট ব্যবসায়ী মিলন সিকদার বলেন, তাঁর গোডাউনে ২০০ মণের বেশি পাট ছিল, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের গোডাউনের পাশের একটি তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আশপাশে পুকুর না থাকায় দূরের দুটি পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে সহায়তা দেওয়া হবে।

এসএইচ 

Link copied!