ছবি: প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর অভ্যন্তরে গভীর গর্ত করে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন-১৯৯২ এর ৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের গুঞ্জরখা এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নদীর মধ্যে গভীর গর্ত করে পাথর উত্তোলন করছিল। ৮ ফেব্রুয়ারি নীলফামারী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়। সভায় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, বোমা মেশিনের শব্দে এলাকার রাস্তাঘাট ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি স্থানীয়রা রাতে ঘুমাতে পারছে না।
এর প্রেক্ষিতে ডিমলা থানা পুলিশ সোমবার দিবাগত গভীর রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন:
* তারিকুল ইসলাম (২৬), পূর্ব খড়িবাড়ি দিঘীরপাড় গ্রামের সাইফুল ইসলামের ছেলে
* আলিয়ার রহমান (৪৫), মৃত মফিজ উদ্দিনের ছেলে
* তাইজুল ইসলাম (৪৫), মৃত মোহাম্মদ আলীর ছেলে
* মিজানুর রহমান (৩৫), মশিয়ার রহমানের ছেলে
* আব্দুল মান্নান (৩৫), নুর ইসলামের ছেলে
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ জন পালিয়ে যায় এবং তারা পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিন ট্রলিতে তুলে নিয়ে যায়।
ডিমলা থানার এসআই পঙ্কজ চন্দ্র বর্মন বাদী হয়ে গ্রেফতারকৃত ও পলাতক ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী নিশ্চিত করেছেন, “তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
এসএইচ
আপনার মতামত লিখুন :