ঈদকে সামনে রেখে বরিশালে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী

  • বরিশাল অফিস | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:১৮ পিএম
ঈদকে সামনে রেখে বরিশালে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী

ছবি: প্রতিনিধি

বরিশাল নগরীতে ঈদুল ফিতরকে সামনে রেখে কয়েক দিন ধরে তীব্র যানজট দেখা দিয়েছে। দিনে বেশির ভাগ সময়ই নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে, যার ফলে রমজানের মাঝেও নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রুপাতলী, নথুল্লাবাদ, সদর রোড, হেমায়েত উদ্দিন সড়ক, চকবাজারপুল, কাজীর রোড, দক্ষিণ চকবাজার, পোর্ট রোড, বাংলাবাজার মোড়, বগুড়া রোড, নবগ্রাম রোড, বান্দ রোড, ফজলুল হক অ্যাভিনিউ, কবলীর মোড়, বিবির পুকুরপাড়, কেন্দ্রীয় কারাগার মোড়, নাজিরেরপুল, কাঠপট্টি রোড, নতুন বাজার, লাইন রোড, বটতলা রোড, কালীবাড়ি সড়ক ও ফকিরবাড়ি রোডসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে থেমে থেমে যানজট দেখা যাচ্ছে।

নগরবাসীরা জানাচ্ছেন, ঈদকে সামনে রেখে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং এবং অপ্রশস্ত সড়কও যানজট বৃদ্ধি করছে।

কালু শাহ সড়ক এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, “ছেলেমেয়েদের জন্য ঈদের কেনাকাটা করতে বাসা থেকে বের হয়েছিলাম। সাধারণত ৮–১০ মিনিটে গন্তব্যে পৌঁছাই, কিন্তু আজ যানজটের কারণে আধা ঘণ্টা লাগল। রিকশায় যেতে না পেরে ফকির রোডে নেমে হেঁটে যেতে হয়েছে।”

নাজিরেরপুল এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, “বাসা থেকে সদর রোডে হেঁটে যেতে সাধারণত ১০ মিনিট লাগে, কিন্তু রিকশায় গেলে আধা ঘণ্টারও বেশি সময় লাগে। তাই হেঁটেই সদর রোডে এসেছি। ট্রাফিক সদস্যদের অনেককেই নতুন মনে হয়েছে, না হলে এত যানজট হওয়ার কথা নয়।”

সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের তথ্যানুযায়ী, প্রায় ৫৭ বর্গকিলোমিটার আয়তনের বরিশাল নগরের ৪০০ কিলোমিটার সড়কে সর্বোচ্চ ৫ হাজার যানবাহন চলাচলের সক্ষমতা রয়েছে। বাস্তবে সেখানে অন্তত ৩৫ হাজার যানবাহন চলাচল করছে। এর মধ্যে বিআরটিএ অনুমোদিত সিএনজিচালিত অটোরিকশা প্রায় ২ হাজার ৫০০টি এবং সিটি করপোরেশন অনুমোদিত ব্যাটারিচালিত হলুদ অটোরিকশা প্রায় ৫ হাজার। এছাড়া নগরে আরও বিপুলসংখ্যক যানবাহন চলাচল করছে। ঈদকে সামনে রেখে প্রতিদিন শহরের বাইরে থেকেও হাজার হাজার অতিরিক্ত যানবাহন নগরে প্রবেশ করছে, যা যানজট আরও তীব্র করছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধ যানবাহনের আধিক্য, অপ্রশস্ত সড়ক, ফুটপাত দখল, শপিংমল ও মার্কেটগুলোর পর্যাপ্ত পার্কিং না থাকা, যত্রতত্র গাড়ি পার্কিং এবং চালকদের অসচেতনতা নগরীতে যানজটের প্রধান কারণ।

বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) শরীফ উদ্দিন বলেন, “ঈদকে সামনে রেখে মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নগরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়মিত কাজ করছে।”

রমজান ও ঈদকে সামনে রেখে চলতি মাস থেকে ট্রাফিক বিভাগ দুটি বিশেষ দল গঠন করেছে। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এই দলগুলো নগরের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে। কোনো স্থানে যানজটের তীব্রতা দেখা দিলে দ্রুত সেখানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।

এসএইচ 

Link copied!