ঈদ সামগ্রী পেয়ে খুশি রুয়েটের কর্মচারীরা

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:২০ পিএম
ঈদ সামগ্রী পেয়ে খুশি রুয়েটের কর্মচারীরা

ছবি: প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর তৃতীয়, চতুর্থ শ্রেণি ও অস্থায়ী সহ মোট ১৫০ জন কর্মচারীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে রুয়েটের ১১টি হলে এই কার্যক্রম সম্পন্ন হয়।

কর্মচারীরা জানিয়েছেন, কয়েক দশক ধরে তারা রুয়েটে চাকরি করছেন, তবে এর আগে প্রশাসনের এ ধরনের উদ্যোগ চোখে পড়েনি। বর্তমান প্রশাসনের দায়িত্বভার গ্রহণের পর শিক্ষার্থীদের পাশাপাশি কর্মচারীদের জন্যও পৃথকভাবে ইতিবাচক নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। গত বছর থেকে এ ধারা শুরু হয়েছে এবং কর্মচারীরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সকাল থেকে প্রতিটি হলে উপস্থিত হয়ে সেমাই, লাচ্ছা, চিনি সহ অন্যান্য আনুষঙ্গিক খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল, সিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক জেড.এইচ.এম মনজুর মোর্শেদ ও সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন সকল হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ।

এসএইচ 

Link copied!