শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে বহিস্কার 

  • লক্ষ্মীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৮:০৮ পিএম
শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে বহিস্কার 

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর মিয়াজি নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

শুক্কুরের বহিস্কারের আদেশে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল স্বাক্ষর করেন।

এতে উল্লেখ করা হয় উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুক্কুর মিয়াজির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠে, এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ অবস্থায় তাকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হল। 

শুক্কুর উপজেলার রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিশ্বাসের বাড়ির নুর ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার এক কিশোরীকে শুক্কুর জড়িয়ে ধরে। একপর্যায়ে তাকে একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ ঘটনায় অভিযোগ পেলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনা হয়। এরপর ১৬ মার্চ ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হয়। বৈঠকে শুক্কুরকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেক বহিস্কারের সিদ্ধান্ত দেয় উপজেলা বিএনপির নেতারা। 

পিএস

Link copied!