জেট ফুয়েল নিয়ে এলো এক জাহাজ, ডিজেল নিয়ে আসছে দুটি

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৪:৪৬ পিএম
জেট ফুয়েল নিয়ে এলো এক জাহাজ, ডিজেল নিয়ে আসছে দুটি

ঢাকা: জেট ফুয়েল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রাতে ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি বন্দরের জেটিতে প্রবেশ করে। ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড এ তেল সরবরাহ করেছে। জাহাজটিতে প্রায় ১২ হাজার টন জেট ফুয়েল রয়েছে বলে জানা গেছে।

সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ১২ এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েলের মজুত ছিল প্রায় ২২ হাজার টন। যা দিয়ে প্রায় ১৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। নতুন চালান যুক্ত হওয়ায় মজুত আরও বেড়েছে। যদিও দেশে জেট ফুয়েলের চাহিদা তুলনামূলক কম। 

১ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বিক্রি হয়েছে ২১ হাজার টন, দৈনিক গড় ১ হাজার ৭৫৮ টন। গত বছরের একই সময়ে গড় বিক্রি ছিল প্রায় দেড় হাজার টন।

ডিজেল নিয়ে রাতে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে আরও দুটি জাহাজের। ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে প্রায় ৩৩ হাজার টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। একই সময়ে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে আসছে প্রায় ৩৫ হাজার টন ডিজেল নিয়ে। সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।

দেশে ব্যবহৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেলের অংশই সবচেয়ে বেশি, প্রায় ৬৩ শতাংশ। পরিবহণ, কৃষি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদন—সব খাতেই এর ওপর নির্ভরতা বেশি। 

বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। এই চাহিদা মেটাতে মাসজুড়ে একাধিক চালান আনার পরিকল্পনা রয়েছে।

এসআই

Link copied!