প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পৃথক দুই ঘটনায় চার বছর বয়সী রুফাইয়িত হোসেন ও নয় মাসের শিশু আনিসা প্রাণ হারায়। শনিবার (১৮ এপ্রিল) সকাল ও দুপুরে নাটুদা ও কুড়ুলগাছি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে নাটুদা ইউনিয়নের বোয়ালমারি গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পড়ে যায় রুফাইয়িত হোসেন (৪)। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।
পরিবার জানায়, সকালে খেলতে বের হওয়ার পর সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম নেমে আসে।
এর কয়েক ঘণ্টা পর দুপুরে কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ায় আরেকটি দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেনের নয় মাসের শিশু কন্যা আনিসা বাড়ির পাশে পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
একই দিনে দুই শিশুর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোক ও হতাশা দেখা দিয়েছে। তাদের মতে, সামান্য অসাবধানতার কারণে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, একটি ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অন্য ঘটনাতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :