ছবি: প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে সিরিয়াল ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে পাম্প কর্তৃপক্ষ ও গ্রাহকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঠাকুরগাঁও–পঞ্চগড় মহাসড়কে দীর্ঘ সময় অবরোধ করেন ভুক্তভোগীরা।
শনিবার দুপুরে রেজা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত মোটরসাইকেল চালকেরা সড়ক অবরোধ করে রাখেন, ফলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে রোগী, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয়রা জানান, ভোর থেকেই সিরিয়ালে থাকা গ্রাহকদের জ্বালানি না দিয়ে কিছু মোটরসাইকেলকে আগে তেল সরবরাহ করা হচ্ছিল। এ নিয়ে প্রতিবাদ করলে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকদের প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে অবরোধ না তুললে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অন্যদিকে পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, তেল সরবরাহে অনিয়মের অভিযোগসহ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :