জলাবদ্ধতা নিরসনে ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

  • ঈশ্বরদী ( পাবনা) প্রতিনিধি : | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৪৪ পিএম
জলাবদ্ধতা নিরসনে ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

ছবি প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চন্দ্রাবতী চ্যানেলের শ্যামপুর হাজামপাড়া এলাকা থেকে সাটুরিয়া বাজার পর্যন্ত এই খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন এবং দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা। উপজেলা প্রকল্প কর্মকর্তা শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খালটি পুনঃখননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। এর পাশাপাশি সেচ সুবিধা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। খালের গভীরতা বাড়লে সেখানে পানি সংরক্ষণের মাধ্যমে মাছ চাষের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বক্তারা খালের পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে পলিথিন বা কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। দীর্ঘমেয়াদী সুফল পেতে হলে খালের যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিবেশ রক্ষা করা জরুরি। খালটি পুনর্জীবিত হলে এই অঞ্চলের কৃষিজীবী ও মৎস্যজীবীরা সরাসরি উপকৃত হবেন।

এসএইচ 

Link copied!