ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে : মাসুমা হাদি

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৭:০৪ পিএম
ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে : মাসুমা হাদি

ছবি : প্রতিনিধি

বরিশাল: বর্তমান সরকার শহীদ শরীফ ওসমান হাদির রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছে, কিন্তু সেই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি বলে অভিযোগ করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেছেন, ইউনূস সরকার ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করেছে। আর আপনারাও যদি মনে করেন ভারতের তাঁবেদারি করে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকবেন, তাহলে জনগণ তা কখনোই মেনে নেবে না।

রোববার (১৭ মে) দুপুরের দিকে বরিশাল নগরীর সদর রোডের টাউন হলের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ভারতের সংখ্যালঘু মুসলিম নিধন, সীমান্তে হত্যাকাণ্ড এবং জুলাই বিপ্লবের বীর শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মাসুমা হাদি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া, জুলাইয়ের বিজয় হেরে যাওয়া। জুলাই সনদ বাস্তবায়নে এখন যে টালবাহানা চলছে, সেটিও শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।

তিনি বলেন, বিভিন্ন ইস্যু তৈরি করে মানুষকে ভুলিয়ে রাখা যাবে না। দেশের ১৭ কোটি মানুষকে সঙ্গে নিয়ে আমরা ওসমান হাদির বিচার আদায় করে নেব। ওসমান হাদি কারও একার নয়, কোনো দলেরও নয়। ওসমান হাদি মানেই বাংলাদেশ।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি প্রথমে লন্ডন থেকে দেশে এসে ওসমান হাদির কবর জিয়ারত করেছিলেন। কিন্তু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেও আর কবর জিয়ারতে যাননি। এই প্রশ্ন শুধু আমার নয়, পুরো বাংলাদেশের মানুষের।

ওসমান হাদির আদর্শ তুলে ধরে মাসুমা হাদি বলেন, সে শিখিয়ে গেছে কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে খালি হাতে আন্দোলন করতে হয়, কীভাবে ইনসাফের পক্ষে দাঁড়াতে হয়। আমরা কাউকে ভয় পাই না।

বক্তব্যের এক পর্যায়ে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। দাবি করেন, কর্মসূচিতে যোগ না দিতে তাকে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন,আমাকেও গুলি করে হত্যা করা হতে পারে, যাতে ওসমান হাদির বিচারের দাবিতে কেউ আর কথা না বলে। কিন্তু আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি ওসমান হাদিকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি। আমি মরে গেলেও আপনারা এই দেশের মানুষ ওসমান হাদির রক্তের বিচার আদায় করে নেবেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। তারা ভারতের আগ্রাসন ও শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পিএস

Link copied!