জামিনে মুক্ত আ.লীগ নেতা

  • লক্ষ্মীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৮:৩৭ পিএম
জামিনে মুক্ত আ.লীগ নেতা

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ৫ শিক্ষার্থী হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারী মুক্তি পেয়েছেন জামিনে। 

রোববার (১৭ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। 

সৈয়দ আহম্মদ লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর বাঞ্চানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট জেলা শহরে জুলাই আন্দোলনে ৫ হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা, পুলিশের দায়েরকৃত একটি মামলা ও রামগঞ্জ থানা পোড়ানোসহ একাধিক মামলায় সৈয়দ আহম্মদ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। 

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, থানা পোড়ানোর একটি মামলায় সৈয়দ আহম্মদ উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর রামগঞ্জের একটি মামলায় তাকে সাক্ষী (পিডব্লিউ) দেখানো হয়েছিল। এ ঘটনায় রামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালত তাকে আটক দেখাননি। বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 

পিএস

Link copied!