বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার সেলস অফিসার

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৫:১০ পিএম
বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার সেলস অফিসার

ছবি : প্রতিনিধি

নাটোর: নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের পর ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজানোর অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামে এক সেলস অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে প্রেস রিলিজ মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানায় পুলিশ।

গ্রেফতার স্বাধীন সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার (১ জুলাই) বিভিন্ন বিকাশ এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য স্বাধীনকে নগদ দুই লাখ টাকা এবং বিকাশ অ্যাকাউন্টে এক লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণে পুলিশ নিশ্চিত হয় যে সেখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। পরে জিজ্ঞাসাবাদে স্বাধীন স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারানোর পর আত্মসাতের বিষয়টি গোপন করতেই তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন।

এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজার বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শহরের স্টেশন বাজার এলাকা থেকে স্বাধীনকে গ্রেফতার করে পুলিশ।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, আত্মসাৎ করা অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখার আলম বলেন, ‘প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিতভাবে সাজানো একটি মিথ্যা ছিনতাইয়ের ঘটনা বলে প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত জিজ্ঞাসাবাদে আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে। আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে এবং ঘটনার অন্য কোনো দিক থাকলে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

পিএস

Link copied!