যে একাদশ নিয়ে ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:০৭ পিএম
যে একাদশ নিয়ে ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব থার্টিটু-র হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল শনিবার ভোর ৪টায় আফ্রিকার দেশ কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে ইন্টার মায়ামির ট্রেনিং গ্রাউন্ডে শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেরেছেন লিওনেল মেসিরা।

ম্যাচটির জন্য আলবিসেলেস্তেদের শুরুর একাদশ কেমন হতে যাচ্ছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে সব সংশয় দূর করার ইঙ্গিত দিলেও মিক্সড জোনে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে রাজি হননি। তবে ইনজুরি কাটিয়ে দলের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর ফেরা এবং আক্রমণভাগে লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ খেলবেন—তা নিয়ে কোচের পরিকল্পনা স্পষ্ট হয়েছে।

বিশ্বকাপ শুরুর দুই মাস আগে ডান হাঁটুতে চোট পাওয়ায় জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে পারেননি ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। তবে তার সেরে ওঠার প্রক্রিয়া সন্তোষজনক হওয়ায় এই ম্যাচে তার একাদশে থাকা নিশ্চিত। রোমেরোর ফেরা প্রসঙ্গে কোচ লিওনেল স্কালোনি বলেন, 'মূলত, সে ভালো আছে। খেলার জন্য প্রস্তুত। সে ভালো ও সম্পূর্ণ অনুশীলন সেশন করেছে, এবং আজ ও কালকের মধ্যে আমরা মূল্যায়ন করব যে তার এই উন্নতি অব্যাহত থাকে কিনা।' 

মায়ামির তীব্র তাপমাত্রা ও আর্দ্রতার কথা মাথায় রেখে ইন্টার মায়ামির মাঠে আর্জেন্টিনার এই অনুশীলন পর্বটি বেশ হালকা ছন্দে সাজানো হয়েছিল, যাতে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ না পড়ে।

রোমেরো ফিরলেও একাদশের লেফট-ব্যাক এবং আক্রমণের কেন্দ্র নিয়ে কোচের মনে কিছু সংশয় রয়ে গেছে। পেশির চোটের কারণে প্রথম দুটি ম্যাচ মিস করা অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো এখন সম্পূর্ণ ফিট, তবে তার জায়গায় প্রথম একাদশে তরুণ ফাকুন্দো মেদিনাও সুযোগ পেতে পারেন। 

এই পজিশন নিয়ে স্কালোনি জানান, 'মেদিনা খেলেছে এবং দেখিয়েছে যে সে ফিট। নিকো সেরে উঠেছে, ও আমাদের জন্য অপরিহার্য। বিশ্বকাপ যখন শুরু হয়েছিল, নিকোর ছোটখাটো সমস্যা ছিল এবং আমাদের কিছু সংশয় ছিল, কিন্তু এখন আমরা ওই পজিশন নিয়ে আত্মবিশ্বাসী।' 

অন্যদিকে আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে কে খেলবেন—লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, তা নিয়ে এখনো মধুর সমস্যায় আছেন কোচ।

সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণার পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া একটি গভীর ও মর্মান্তিক ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। ঘটনাটি তাকে কতটা নাড়া দিয়েছে তা উল্লেখ করে স্কালোনি বলেন, 'যা ঘটেছে তা ভয়াবহ।'

সব সংশয় ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেপ ভার্দের বিপক্ষে আগামীকাল ভোরে আর্জেন্টিনার সম্ভাব্য যে একাদশ মাঠে নামতে পারে, তা নিচে দেওয়া হলো:

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক); নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো বা ফ্যাকুন্ডো মেডিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ।

এসএইচ 

Link copied!