ছবি : প্রতিনিধি
পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চিংড়ি মাছে জেলি মিশিয়ে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ করা ২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ ধ্বংস করা হয়।
বুধবার (০৮ জুলাই) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতে মনিষা ফিশিং হাউজের আড়তদার উত্তম কুমারকে (৫০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।
জানা গেছে, নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি মাছ বাজারের মনিষা ফিশিং হাউজের আড়তদার উত্তম কুমার মন্ডল (৫০) চিংড়ি মাছের মধ্যে জেলি মিশিয়ে কৃত্রিমভাবে ওজন বাড়িয়ে অধিক মূল্যে বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে জগন্নাথকাঠি মাছ বাজারে আজ ১২ টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মনিষা ফিশিং হাউসের স্বত্বাধিকারী উত্তম কুমার মণ্ডলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা।
পিএস
আপনার মতামত লিখুন :