ফাইল ছবি
ঢাকা: আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বুধবার তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তার প্রভাবে স্বর্ণের বাজারে বিক্রির চাপ দেখা দেয়।
বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৭২.৬৯ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে আগস্ট মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম ১.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৮৩.২০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে চলমান অন্তর্বর্তীকালীন সমঝোতা "শেষ" বলে মন্তব্য করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর ফলে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়। উচ্চ জ্বালানি মূল্য মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে, যা ভবিষ্যতে সুদের হার আরও বাড়ার সম্ভাবনা তৈরি করছে।
উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হয়। কারণ, স্বর্ণ কোনো সুদ বা মুনাফা দেয় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে সুদভিত্তিক সম্পদের দিকে ঝুঁকে পড়েন।
এদিকে, বাজারের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল ওপেন মার্কেট কমিটির (FOMC) সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর দিকে। বিনিয়োগকারীরা আশা করছেন, এতে ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যাবে।
অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ২.৪২ শতাংশ, ৩.৬ শতাংশ এবং ৪.৩ শতাংশ হ্রাস পেয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :