নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করে দায়িত্ব পালন করতে হবে: জুবায়ের

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০৮:১৭ পিএম
নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করে দায়িত্ব পালন করতে হবে: জুবায়ের

ছবি: প্রতিনিধি

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম ও অব্যবস্থাপনা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নির্বাচন কমিশনকে আরো বেশি শক্ত হতে হবে। তাদের কথা ও কার্যক্রমে মনে হচ্ছে তাদের মেরুদণ্ড এখনো সোজা হয়নি। অবশ্যই নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করে দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রতীক বরাদ্দের আগের দিন বুধবার রাতে বিএনপি ঠাকুরগাঁওয়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করায় এর নিন্দা জানান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও এ ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা হয়েছে। বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। সরকারি দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই এমনটা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো মাগুরা মার্কা নির্বাচন দেখতে চান না তারা। এখানে কোনো অনিয়ম ও কারচুপি হলে জাতি তা মেনে নেবে না। নির্বাচন কমিশন, সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ দায়িত্বপ্রাপ্ত সবাইকে জনগণের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম।

অনুষ্ঠানে পুলিশ সুপার বেলাল হোসেন, জামায়াতের সাবেক ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর ও প্রচার সম্পাদক শাহজালাল জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে জননেতা দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এসএইচ 

Link copied!