কাজের মূল্যায়ন করেই জনগণ বিএনপিকে ভোট দেবে: চিফ হুইপ

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৬:২১ পিএম
কাজের মূল্যায়ন করেই জনগণ বিএনপিকে ভোট দেবে: চিফ হুইপ

ছবি : প্রতিনিধি

বরিশাল: সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে জনগণ এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে ভোটের মাধ্যমেই জবাব দেবে জনগণ। তাই ঘন ঘন আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত। বুধবার (২১ অক্টোবর) বরিশালে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, জনগণের ভোটে সরকার গঠন করেছে বিএনপি। তাই দেশের দায়িত্ব পালনে সরকারকে সময় দিতে হবে। সরকারের কাজের মূল্যায়ন করে পরবর্তী নির্বাচনে জনগণই তাদের রায় দেবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে চিফ হুইপ দাবি করেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান সরকার। এ অবস্থায় দেশ পুনর্গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে বিরোধী পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করছে। লংমার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য কর ছাড় দিয়েছেন। পরিকল্পিতভাবে এ সুযোগ কাজে লাগাতে পারলে এক বছরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

চিফ হুইপ আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

পিএস

Link copied!