ছবি: প্রতিনিধি
এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় ফুটওভার ব্রিজের বন্ধ হয়ে যাওয়া নির্মাণকাজ পুনরায় চালুর দাবিতে মানবেতর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে সড়কের নলপাথর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেন এলাকার শিক্ষার্থী, শিশু-কিশোর, নারী-পুরুষ সহ নানা পেশার মানুষ। নলপাথর রিজেন্ট টাউন আবাসন প্রকল্পের মূল ফটকের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা বাবুল আহমেদ। সমাবেশে বক্তব্য দেন আব্দুর রহিম, কবির হোসেন ভূঁইয়া, সওদাগর আলী, শরীফুল্লাহ মিয়া, নূর নাহার আক্তার ও লিপি আক্তারসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা বাইপাস সড়কের নলপাথর অংশটিতে পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনবসতিপূর্ণ এই এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্প্রতি সরকার এখানে একটি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ শুরু করে। বর্তমানে সড়কটির ছয় লেনে উন্নীতকরণের কাজ চলায় ঝুঁকি আরও বেড়ে গেছে। তবে রিজেন্ট টাউন নামের একটি আবাসন প্রকল্প তাদের নিজস্ব স্বার্থে গত ১৫ অক্টোবর ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ তোলেন তারা। অবিলম্বে কাজ চালু করা না হলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে ঢাকা বাইপাস সড়ক অবরুদ্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধন শেষে একটি ক্ষুব্ধ বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা বাইপাস সড়কের নলপাথর অংশ প্রদক্ষিণ করে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের আনীত অভিযোগ অস্বীকার করে রিজেন্ট টাউন আবাসন প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, ফুটওভার ব্রিজের নির্মাণকাজ বন্ধ হওয়ার পেছনে তাদের কোনো হাত নেই। তবে জনস্বার্থে নলপাথর এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজটি নির্মাণ করা অত্যন্ত জরুরি বলে মনে করে তারা।
এসএইচ