ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আখখেত নষ্ট, জমির মাটি কেটে নেওয়ার চেষ্টা এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতা মোজাম্মেল হকসহ কয়েকজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসীর স্ত্রী মলিনা বেগম।
মলিনা বেগম রূপগঞ্জ উপজেলার দারকাবটেক এলাকার আব্দুল আলীমের স্ত্রী এবং কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকার লিয়াকত আলীর মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বিকেলে লিয়াকত আলী মসজিদে আসরের নামাজ শেষে বের হলে মোজাম্মেল হক (৩৫), আলমাছ আলী (৮২), মহসিন (৪০) ও অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভেকু দিয়ে জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একই দিন সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিরা ১৫ থেকে ২০ জনকে নিয়ে লিয়াকত আলীর বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের চলে যেতে চাপ দেন এবং পরিবারকে উচ্ছেদের ভয় দেখান বলে অভিযোগ করা হয়।
পরে ২৫ অক্টোবর দুপুরে দলবল নিয়ে জমিতে লাগানো আখগাছ কেটে নষ্ট করা হয় বলে অভিযোগ করেন মলিনা বেগম। দুই দিনের মধ্যে চাঁদা না দিলে জমি দখলের হুমকিও দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।
অভিযোগের বিষয়ে মোজাম্মেল মুঠোফোনে জানান, মলিনার ভাই ওমর আলী ১০ লাখ টাকার মাটি বিক্রি করে বিদেশে চলে গেছেন। তাই তাঁরা ওই বাড়ি থেকে মাটি কাটতে গিয়েছিলেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ