পাওনা টাকার দাবিতে ৩ ঘণ্টা আটকে রইল ব্যবসায়ীর লাশ

  • আলমাস আলী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১০:৪০ এএম
পাওনা টাকার দাবিতে ৩ ঘণ্টা আটকে রইল ব্যবসায়ীর লাশ

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে উজ্জ্বল মল্লিক (৪৫) নামের এক ইটভাটা ব্যবসায়ীর লাশ দাফনে বাধা দিয়েছেন পাওনাদারেরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা পর পাওনা টাকা পরিশোধের লিখিত আশ্বাসে দাফন সম্পন্ন হয়।

উজ্জ্বল মল্লিক ওই গ্রামের সফি মল্লিকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভোগার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে ব্যবসার পাওনা টাকা আদায়ের দাবিতে কয়েকজন তার দাফনে বাধা দেন।

উজ্জ্বল মল্লিকের দ্বিতীয় স্ত্রী চুমকি খাতুন জানান, ইটভাটা ব্যবসার সুবাদে কয়েকজন তাঁর স্বামীর কাছে টাকা পাওনা রয়েছে দাবি করে মরদেহ দাফনে বাধা দেন।

খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মকুল হোসেন জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিবারের পক্ষ থেকে পাওনা টাকা পরিশোধের লিখিত প্রতিশ্রুতি দেওয়া হলে পাওনাদারেরা দাফনে সম্মতি দেন। পরে বিকেলে স্থানীয় কবরস্থানে উজ্জ্বল মল্লিকের দাফন সম্পন্ন হয়।

এম

Link copied!