ছবি: সংগৃহীত
মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ এক দর্শক হাত বাড়িয়ে দিলেন ইসরাইলের পতাকা। কিন্তু তা হাতে নেওয়া দূরে থাক, কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেললেন তিনি। এরপর সেই পতাকার ওপর দাঁড়িয়ে পা দিয়ে মাড়িয়ে লাথি মেরে তা সরিয়ে দিলেন। মঞ্চে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনায় এসেছেন কলম্বিয়ান র্যাপার ও সংগীতশিল্পী শিলো হোপ, যিনি চেলো হোপ নামেও পরিচিত।
সম্প্রতি কনসার্টের সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মেজাজ হারিয়ে পতাকাটি মাটিতে ফেলে পদদলিত করার পর স্প্যানিশ ভাষায় পালেস্তিনা লিব্রে অর্থাৎ মুক্ত ফিলিস্তিন বলে উচ্চকণ্ঠে স্লোগান দেন এই গায়িকা।
তার এমন সাহসী পদক্ষেপে দর্শক-শ্রোতারা করতালিতে মুখরিত করে তোলেন পুরো প্রাঙ্গণ। সামাজিক মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ ফিলিস্তিনিদের প্রতি এমন অকুণ্ঠ সমর্থনের জন্য তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। তবে এ ঘটনায় কলম্বিয়ায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
ঘটনাটি ঘটে গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ঐতিহ্যবাহী ‘হিপ হোপ আল পারকে’ উৎসবে। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রমতে, সেদিন মঞ্চে নিজের জনপ্রিয় গান অ্যানাতোমিয়া পরিবেশন করছিলেন শিলো হোপ। রাজনৈতিক সচেতনতা ও বিভিন্ন গণআন্দোলন নিয়ে গান গাওয়ার জন্য কলম্বিয়ায় তার বিশেষ খ্যাতি রয়েছে। গানের সেই উত্তপ্ত আবহেই ঘটে এই প্রতিবাদী ঘটনা।
নেটিজেনদের একটি বড় অংশ এই ঘটনাটিকে গাজায় ইসরাইলের দীর্ঘদিনের আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে একজন শিল্পীর চরম ক্ষোভ ও ঘৃণা প্রকাশের প্রতীক হিসেবে দেখছেন। ঘটনার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে কে এই শিলো হোপ-তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল। অন্যায় ও দখলাদারত্বের বিরুদ্ধে সংগীতের মঞ্চকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি এখন বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থীদের কাছে প্রশংসিত এক নাম।
এসএইচ