ইকবাল সোবহান চৌধুরীর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৩:১১ পিএম
ইকবাল সোবহান চৌধুরীর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

সাবেক স্বৈরাচার শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তাঁর নিয়ন্ত্রণাধীন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধ এবং আওয়ামী লীগের প্রচারণা ও ষড়যন্তমূলক তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘ঝালকাঠির সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা আসিফ আল ইমরান, জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক আবীর লস্কর ও ইমরাতুল খান ইমরান, ছাত্রনেতা মো. মাহফুজার রহমান, শান্ত আহমেদ রিজু ও শাওন শরীফ।

বক্তারা অভিযোগ করেন, বিগত শেখ হাসিনা সরকারের সময়ে ইকবাল সোবহান চৌধুরী নানা ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়েছেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রতায় রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্তুষ্ট করার মাধ্যমে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তথ্য উপদেষ্টার পদ লাভ করেন বলে দাবি করেন বক্তারা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে ইকবাল সোবহান চৌধুরী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। এ সময় তাঁর সম্পাদিত দৈনিক অবজারভারসহ নিয়ন্ত্রণাধীন সব গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে স্থানীয় ছাত্রনেতা ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এসএইচ 

Link copied!