দ্বিতীয় স্ত্রী ফারজানার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রনি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৮:৪০ পিএম
দ্বিতীয় স্ত্রী ফারজানার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রনি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে নতুন ব্যাখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি দাবি করেছেন, ওই নারী নিজেকে তার স্ত্রী দাবি করলেও তাদের মধ্যে আগেই তালাক কার্যকর হয়েছে এবং বিষয়টি তার পরিবার ও ঘনিষ্ঠজনদের জানা ছিল।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। গোলাম মাওলা রনি পোস্টে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে ফারজানা নিজেকে তার স্ত্রী পরিচয় দিয়ে প্রথমে তার অফিসে যান এবং ৯৯৯ নম্বরে কল করে পুলিশ ডাকেন। পরবর্তীতে ওই নারী তার বাসায় গেলে তিনি শাহবাগ থানায় অভিযোগ করেন। এ সময় পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং কথিত কাবিননামার একটি অনুলিপি সংগ্রহ করে।

আইনজীবীদের পরামর্শ অনুযায়ী কাবিননামা অনুসারে তালাক সম্পন্ন করে দেনমোহরের ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান সাবেক এই সংসদ সদস্য। এ ঘটনায় তিনি শাহবাগ থানায় মামলাও করেছিলেন বলে দাবি করেন।

আইনি প্রক্রিয়া ও অর্থ পরিশোধের পরও ওই নারীর পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল বলে জানান রনি। তবে তিনি সেই দাবি প্রত্যাখ্যান করেন। ওই নারীর সন্তানদের কথা বিবেচনা করেই তার বিরুদ্ধে তিনি আদালতে অন্য কোনো মামলা করেননি বলে উল্লেখ করেন।

পোস্টে তিনি আরও দাবি করেন, ওই নারী ও ইউটিউবার ইলিয়াস তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এছাড়া আরেক ইউটিউবার বনি আমিনের কাছেও তিনি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। এত দিন পর এনসিপির নেতারা কেন ওই নারীর প্রতি আগ্রহী হয়ে তার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছেন, সেই প্রশ্নও তোলেন রনি। নিজের দাবির পক্ষে ফেসবুক পোস্টে শাহবাগ থানায় করা অভিযোগের একটি ছবিও যুক্ত করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমে গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে ফারজানা আফরোজের এনসিপিতে যোগ দেওয়ার খবর প্রকাশিত হলে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান রনি।

এসএইচ 

Link copied!