ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের ওপর বর্বর হামলার অভিযোগ উঠেছে। এতে তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয়েছে এবং পায়ের রগ কেটে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আবুল কালাম তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকার বাসিন্দা এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল পদে কর্মরত আছেন। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। গত মাসে মাসাবো এলাকার মাদক কারবারি শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) পুলিশে ধরিয়ে দিতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন। এর পর থেকেই শাহাদাত হোসেনের ছোট ভাই শাহজালাল তাকে ভয়ভীতি ও নানা রকম হুমকি-ধমকি দিয়ে আসছিল।
গত বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উৎপেতে থাকা শাহজালাল ও তার সহযোগী ১০ থেকে ১৫ জনের একদল যুবক আবুল কালামের ওপর অতর্কিত নির্যাতন চালায়। দুর্বৃত্তরা তাঁকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেয় এবং পায়ের রগ কেটে ফেলে। তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে এলাকার একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পুলিশ সদস্য আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ