ছবি: প্রতিনিধি
দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি আন্তনগর রেল যোগাযোগ। এর মধ্য দিয়ে ২০২৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উদ্যোগ ও ঘোষণার প্রায় সাড়ে তিন বছর পর বাস্তবায়িত হচ্ছে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ৬ মিনিটে ১০টি যাত্রীবাহী কোচ, দুটি ইঞ্জিন ও গার্ড ব্রেকসহ ট্রেনটি ঈশ্বরদী থেকে পাবনার উদ্দেশে উদ্বোধনী যাত্রা শুরু করে।
যাত্রীবিহীন এই যাত্রায় লোকোমাস্টার মো. মইনুল হোসেন ও পরিচালক মো. আব্দুর রাকিব খানের সঙ্গে গার্ড, টিএক্সআর, আরএনবি, জিআরপি পুলিশ, ইলেকট্রিশিয়ান ও ক্লিনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন। পশ্চিমাঞ্চল রেলওয়ে ও পাকশী বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ট্রেনটিতে উপস্থিত ছিলেন।
আজ বিকেল সাড়ে চারটায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে উদ্বোধনী ট্রেনটি যাত্রা করবে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে ট্রেনটির উদ্বোধন করবেন। উদ্বোধনী যাত্রায় ট্রেনটি শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।
২০১৮ সালের জুলাই মাসে পাবনা শহর রেল যোগাযোগের আওতায় আসার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হয়। এরপর ২০২০ সালের জানুয়ারিতে ঢালারচর পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হলেও রাজধানীর সঙ্গে সরাসরি আন্তনগর ট্রেন চালু হয়নি। ২০২৩ সালের ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওই বছরের সেপ্টেম্বরে সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন। তবে নানা কারণে তখন তা বাস্তবায়িত হয়নি।
আজ উদ্বোধনের পর আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে নিয়মিত চলাচল শুরু করবে পাবনা প্রভাতী ও পাবনা গোধূলি এক্সপ্রেস। রেলওয়ের সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর পাবনা প্রভাতী এক্সপ্রেস প্রতিদিন সকাল আটটায় পাবনা থেকে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ৮০৭ নম্বর পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে। ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
রেলওয়ের নির্ধারিত ভাড়া অনুযায়ী, পাবনা থেকে প্রভাতী এক্সপ্রেসে ঈশ্বরদী পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৫০ টাকা ও স্নিগ্ধার ভাড়া ১১৫ টাকা এবং ঢাকা বিমানবন্দর পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা ও স্নিগ্ধার ভাড়া ৮১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
গোধূলি এক্সপ্রেসে ঢাকা বিমানবন্দর থেকে পাবনা পর্যন্ত একই ভাড়া প্রযোজ্য হবে; তবে ঢাকা বিমানবন্দর থেকে ঈশ্বরদী পর্যন্ত শোভন চেয়ার ৩৯০ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ৭৪২ টাকা। প্রতিটি টিকিটের সঙ্গে সহজের চার্জ হিসেবে আরও ২০ টাকা যুক্ত হবে। গত ১২ নভেম্বর থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং পরবর্তী প্রতিটি যাত্রার ১০ দিন আগে অনলাইনে টিকিট পাওয়া যাবে।
নতুন এই আন্তনগর ট্রেন চালুর খবরে পাবনা ও ঈশ্বরদীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে ঢাকায় যাতায়াতকারী যাত্রীদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি জেলার রেল যোগাযোগে নতুন অধ্যায় যুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএইচ