ছবি: প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারা কান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সিঁধ কেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র খোওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, ভোররাত আনুমানিক চারটার দিকে কার্যালয়ের পেছনের অংশ দিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। সকাল ছয়টার দিকে স্থানীয় বাসিন্দা ওলি ডাকুয়া কার্যালয়ে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বলেন, ভোর চারটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার জানান, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তাঁরা সতর্ক অবস্থানে ছিলেন এবং রাতে এলাকায় পাহারার ব্যবস্থাও করেছিলেন। ভোররাতে কার্যালয়ে আগুনের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। তাঁর হিসাব অনুযায়ী, অগ্নিসংযোগে কার্যালয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বিএনপি নেতাদের অভিযোগ, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তাঁরা তাতে বাধা দেন। এর জের ধরেই প্রতিপক্ষ এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জীবনসহ স্থানীয় নেতাকর্মীরা। খবর পেয়ে সকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসএইচ