মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশাল নগরীর বাড়িকে ‘খুনির বাড়ি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়ির সামনে ব্যানার, পোস্টার টাঙিয়ে তার বিরুদ্ধে হত্যাকাণ্ড ও গুমের অভিযোগের বিচার দাবি করেন তারা।
নগরীতে জিয়াউল আহসানের বাড়ির সামনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।
ফিরোজা বেগম জানান, তার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সন্তানদের কী অপরাধ ছিল, কেন তাদের নিখোঁজ করা হলো-এসব প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের ছবি হাতে নিয়ে তাদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করে বাড়ির সামনে আহাজারি করেন তিনি।
কর্মসূচির একপর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানো হয়।
কালি দিয়ে মুছে দেওয়া হয় বাড়ির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’। এ ছাড়া বাড়ির সামনে জিয়াউল আহসানের হাতে নিহত ও গুমের শিকার ব্যক্তিদের তালিকা সংবলিত ব্যানার টাঙানো হয়।
ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার চান তারা। বরিশালের ছাত্র-জনতার দাবি, ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিযুক্ত জিয়াউল আহসানের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে।
মামলার অভিযোগ ও বিচার
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়েছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাকে সিরিয়াল কিলার হিসেবে অভিহিত করেছেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের পর গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলমান রয়েছে।
এম