সংবর্ধনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৫:৫৯ পিএম
সংবর্ধনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনায় যোগ দিতে স্কুলে যাওয়ার পথে লাটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহা (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সম্রাট নামে এক বাইসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া ফারিহা জীবননগর উপজেলার ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে স্থানীয় প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে বাইসাইকেলে যাচ্ছিল তাসফিয়া। পথে জীবননগরগামী মাটিভর্তি দ্রুতগতির একটি লাটাহাম্বার সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় তাসফিয়া। দুর্ঘটনায় সাইকেল চালক সম্রাটের হাত ভেঙে যায়।

ঘটনার পর লাটাহাম্বারের চালক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানটি জব্দ করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, লাটাহাম্বারটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

এসএইচ 

Link copied!