ফাইল ছবি
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও অক্টোবরে তা ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে। মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, সরকারের অর্থনৈতিক নীতির কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়ায় আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা সীমিত। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামালে শুল্ক ও কর কমানো হয়েছে। এতে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ২ কোটি পরিবারকে এর আওতায় আনা হবে। এ ছাড়া কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথা জানান তিনি।
দেশের ঋণ পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা থাকলেও প্রতিটি কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে। বাংলাদেশ কোনো ঋণ পরিশোধে খেলাপি হয়নি। স্বচ্ছতা নিশ্চিত করতে আলাদা ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হচ্ছে। এর মাধ্যমে নাগরিকেরা দেশের প্রকৃত ও মাথাপিছু ঋণের হিসাব জানতে পারবেন।
প্রকল্প অনুমোদনে অর্থের যথাযথ ব্যবহার, অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান ও পরিবেশগত প্রভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। শর্ত পূরণ না হওয়ায় অনেক প্রকল্প বাতিল করা হয়েছে এবং ধীরগতির প্রকল্পও বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসরকারি খাতে ঋণপ্রবাহ স্বাভাবিক রাখতে ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা কমানো হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এ জন্য নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
করনীতি প্রণয়ন ও কর আদায়ের কাজ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আলাদা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, কর ছাড় দেওয়ায় ইলেকট্রনিকস শিল্পে ১৬টি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে। নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পুঁজিবাজারকে স্বচ্ছ করতে অনলাইন ও রিয়েল-টাইম কার্যক্রম চালুর কাজ চলছে।
সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএইচ