ছবি : সংগৃহীত
ঢাকা: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে এই নিয়ম ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বার কাউন্সিল।
কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার গণমাধ্যমকে বলেন, ‘আজ আমরা আইনজীবীদের তালিকাভুক্তি নিয়ে একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি। সেখানে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০৩০ সাল থেকে এ বয়সসীমা কার্যকর করা হবে।’
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে।
উল্লেখ্য, বর্তমানে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে ন্যূনতম বয়স ২১ বছর। তবে এত দিন সর্বোচ্চ কোনো বয়সসীমা নির্দিষ্ট ছিল না। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম বয়সের পাশাপাশি সর্বোচ্চ বয়সের শর্তও প্রযোজ্য হবে।
পিএস