আব্বাসীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, আইনি নোটিশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৭:৫৬ পিএম
আব্বাসীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, আইনি নোটিশ

ফাইল ছবি

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করা এবং গণমাধ্যমকর্মীদের শারীরিক নির্যাতনের উসকানি ও হুমকি দেওয়ার অভিযোগে বিতর্কিত ইসলামী বক্তা সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসীকে তাঁর দেওয়া বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়া হলে সাংবাদিক ও সাংবাদিকতা পেশাকে অবমাননা, মানহানি, সামাজিক অসন্তোষ সৃষ্টি এবং সরাসরি হামলার হুমকি ও উসকানি দেওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করা হবে।

আইনি নোটিশে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আব্বাসী গণমাধ্যম ও সাংবাদিকদের লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর ও অসংবেদনশীল মন্তব্য করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, দেশের সাংবাদিকরা অত্যন্ত নিকৃষ্ট এবং তাঁদের ওপর শারীরিক আক্রমণ চালানো উচিত।

এ ছাড়া একজন তরুণ প্রতিমন্ত্রীর মাদকের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা না রেখে নেতিবাচক প্রচারণার অভিযোগ তুলে তিনি সাংবাদিকদের বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থপুষ্ট এবং হলুদ সাংবাদিকতার চর্চাকারী বলে আখ্যা দেন।

নোটিশে উল্লেখ করা হয়, ধর্মীয় মঞ্চকে ব্যবহার করে একজন বক্তার এমন সহিংস উসকানিমূলক বক্তব্য সাংবাদিক সমাজের নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি তৈরি করেছে এবং পেশাদার সাংবাদিকদের স্বাধীন কাজ করার পরিবেশকে ভীতিসঙ্কুল করে তুলেছে।

তার এই বক্তব্য সমগ্র সাংবাদিক সমাজের সম্মান ক্ষুণ্ন করার পাশাপাশি আইনের শাসনের নীতিকে চরমভাবে অমান্য করেছে। এই পরিস্থিতিতে আব্বাসীকে তাঁর বিতর্কিত বক্তব্য পরিহার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসএইচ 

Link copied!