ছবি : সংগৃহীত
ঢাকা: আর মাত্র দুইদিন পরেই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জাতীয় এই নির্বাচনের খবর আশার সঞ্চার করেছে বিনিয়োগকারীদের মনেও। যার অনেকটাই প্রমাণ দিচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক আর লেনদেনের পরিমাণ।
নির্বাচনকালীন সাধারণ ছুটি পূর্ববর্তী শেষ কার্যদিবস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডিএসইতে মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। সেই সাথে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইতে ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৬৪৬ কোটি ১৭ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৪৩ কোটি ৯৮ লাখ টাকার বা ২২ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮৮ টি বা ৭৩.৪৭ শতাংশের। আর দর কমেছে ৬৭ টি বা ১৭.০৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৭ টি বা ৯.৪৪ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৬৪ টির, কমেছে ২৩ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৪৭ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়েছিল।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :