ছবি : প্রতিনিধি
ঢাকা: চলমান মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বের অর্থনীতিতে অস্থিতিশীলতা বাড়ছে, এমন শঙ্কার কথা জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
সোমবার (০৯ মার্চ) সকালে মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব, এলডিসি উত্তরণ, মুদ্রানীতি, মূল্যস্ফীতি, বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য, কৃষি, শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাত, সিএমএসএমই, জ্বালানি ও বিদ্যুৎ, লজিস্টিক অবকাঠামো এবং আর্থিক খাত নিয়ে বিস্তারিত আলোকপাত করেন তাসকীন আহমেদ।
তিনি বলেন, সম্প্রতি শুরু হওয়া ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে সংঘাতের কারণে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে দেশের শিল্পখাতে ব্যবহৃত জ্বালানির বড় অংশ আমদানিনির্ভর হওয়ায় বেসরকারি খাতে অস্থিরতা দেখা দিচ্ছে।
তাসকীন আহমেদ বলেন, মার্কিন প্রশাসনের নতুন ১০ শতাংশ শুল্ক নীতিও স্থানীয় ও বৈশ্বিক বাণিজ্য এবং বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়া, বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণ এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় খাতভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেন ডিসিসিআই সভাপতি। একই সঙ্গে রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন, প্রত্যক্ষ করের আওতা বাড়ানো, ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের প্রবণতা কমানো এবং সরকারি ব্যয়ের দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনতে সংকোচনমুখী মুদ্রানীতি প্রত্যাহার, সুদের হার কমানো এবং মূলধনী যন্ত্রপাতি আমদানি প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তাসকীন আহমেদ। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা ও বাজার নিয়ন্ত্রণ জোরদার এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিনিয়োগ বাড়াতে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, আমলাতান্ত্রিক জটিলতা দূর করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অপরিহার্য বলেও মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি। এছাড়া টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা প্রণয়ন এবং অনশোর ও অফশোর জ্বালানি অনুসন্ধান কার্যক্রম জোরদারের আহ্বান জানান তিনি।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :