এপ্রিলেও ডিএসইর সূচকে যুক্ত হয়নি কোন কোম্পানি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:১৩ পিএম
এপ্রিলেও ডিএসইর সূচকে যুক্ত হয়নি কোন কোম্পানি

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতি তিন মাস পরপর সূচক সমন্বয় করা হয়। তবে এবার চলতি বছরের ৩ মাসেও (জানুয়ারি-মার্চ) ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ও এসএমই প্ল্যাফর্মের সূচক যুক্ত হওয়ার মতো কোন আসেনি। প্রকৃতপক্ষে গত ২ বছর ধরেই আইপিও বন্ধ থাকায় এমনটি হয়ে আসছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এপ্রিল, ২০২৬ পর্যন্ত আইপিও সংযোজনের জন্য ডিএসই বাংলাদেশ ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) এবং ডিএসই এসএমই গ্রোথ ইনডেক্সের (ডিএসএমইএক্স) ত্রৈমাসিক পর্যালোচনার সময় নতুন সিকিউরিটিজের কোনো তালিকা পাওয়া যায় নেই। তাই, এপ্রিলে ডিএসইএক্স এবং ডিএসএমইএক্স এর বিদ্যমান উপাদান তালিকায় কোনো সংযোজন হবে না।

ডিএসইএক্স এবং ডিএসএমইএক্স সূচকে নতুন কোম্পানি যুক্ত করার প্রধান ভিত্তি হলো- নির্দিষ্ট সময়ে নতুন আইপিও’র মাধ্যমে মূল বোর্ড বা এসএমই বোর্ডে তালিকাভুক্তি। ফলে নতুন কোনো কোম্পানির আগমন না ঘটায় বিদ্যমান সূচকের তালিকায় নতুন করে কোনো সংযোজন হচ্ছে না। নতুন আইপিও তালিকাভুক্ত না হওয়ায় সূচক দুটিতে কোনো সংযোজনের সুযোগ তৈরি হয়নি।

বিশ্বজুড়ে শেয়ারবাজারে সূচকগুলো নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনা বাজার ও অর্থনৈতিক পরিস্থিতি প্রতিফলিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূচকে অন্তর্ভুক্তি বা অপসারণের বিষয়টি মূলত বাজারের গতিশীলতা, কোম্পানির বাজার মূলধন, তারল্য এবং অন্যান্য নির্দিষ্ট শর্তের ওপর নির্ভর করে। ডিএসইএক্স: এটি ডিএসই'র প্রধান সূচক, যা বাজারে লেনদেন হওয়া অধিকাংশ বড় ও মাঝারি মূলধনী কোম্পানির প্রতিনিধিত্ব করে। এই সূচকের স্থিতিশীলতা সার্বিক শেয়ারবাজারের অবস্থা নির্দেশ করে।

ডিএসএমইএক্স: এটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের কোম্পানিগুলোর জন্য তৈরি একটি বিশেষায়িত সূচক, যা এই উদীয়মান খাতটির কার্যকারিতা (পারফরম্যান্স) তুলে ধরে।

সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে নয়টি কোম্পানি শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে তালিকাভুক্ত হয়েছিল

এসএইচ 

Link copied!