বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১২:৪১ পিএম
বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হোসেন সাদাত-কে নিয়োগ দিয়েছে সরকার। 

মঙ্গলবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের আদেশ জারি করা হয়।

নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত, এফসিএস। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের শর্ত অনুযায়ী নতুন কমিশনাররা অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে বিদ্যমান সকল কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া, তার বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

হোসেন সাদাত (এফসিএস) বর্তমানে ‘ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ’ (আসিএসবি)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ‘বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট’ (বিআইসিএম), ‘কর্পোরেট সেক্রেটারিজ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন’ এবং আইসিএসবির বোর্ড বা কাউন্সিলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সাদাত একজন অভিজ্ঞ কর্পোরেট ব্যক্তিত্ব; টেলিযোগাযোগ, তেল ও গ্যাস এবং অডিট ও অ্যাসিউরেন্স—বিভিন্ন শিল্পখাতে তাঁর প্রায় তিন দশকের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি গ্রামীণফোন, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি এবং কেপিএমজি রহমান রহমান হক-এর মতো প্রতিষ্ঠানে উচ্চপদস্থ নেতৃত্বের ভূমিকা পালন করেছেন।

কর্পোরেট গভর্ন্যান্স, নিয়ন্ত্রক কৌশল (regulatory strategy), টেকসই উন্নয়ন (sustainability), আর্থিক ব্যবস্থাপনা এবং কর্পোরেট যোগাযোগ—এসব ক্ষেত্রে তাঁর গভীর দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। সাদাত একজন যোগ্যতাসম্পন্ন ‘চার্টার্ড সেক্রেটারি’ এবং তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ এডুকেশন বা উচ্চতর পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

এএইচ/পিএস

Link copied!