ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় নতুন নির্দেশনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০১:৩১ পিএম
ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

ঢাকা: শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এসব নির্দেশনা জারি করে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

যা আছে নির্দেশনায়- ব্যাংকগুলোকে সব পণ্য, চুক্তি, লেনদেন, ফি, চার্জ বা কার্ড পরিচালনা পদ্ধতি ও সংশ্লিষ্ট সব কার্যক্রমে শরিয়াহ নীতি অনুসরণ করতে হবে।

প্রচলিত সুদের পরিবর্তে ব্যাংকগুলোকে কর্জ ও উজরাহ বা সেবামূল্য ফি নীতি অনুসরণ করতে হবে।

শরিয়াহ মতে নিষিদ্ধ পণ্য ও সেবা যেমন- মদ, জুয়া, তামাক ইত্যাদি লেনদেনে ইসলামিক ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না। 

কার্ড পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলো গ্রাহকের মুদারাবা বা বিনিয়োগকারী গ্রাহকদের সঞ্চিত আমানতের তহবিল ব্যবহার করতে পারবে না।

এই কার্ড ব্যবহার করে নগদ উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট অংশের ফি নেওয়া যাবে, কিন্তু উত্তোলিত টাকার শতাংশ হারে কোনো ফি আরোপ করা যাবে না।

কার্ডের সম্পূর্ণ কোনো ফি বা চার্জ পরিবর্তন করতে হলে গ্রাহককে কমপক্ষে ৩০ দিন আগে জানাতে হবে।

এই কার্ডের মাধ্যমে কেনাকাটা, নগদ উত্তোলন বা ইউটিলিটি বিল পরিশোধ ইত্যাদি কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে কোনো অতিরিক্ত অর্থ বা সুবিধা গ্রাহকের নিকট থেকে আদায় করা যাবে না।

এএইচ/পিএস

Link copied!