মানি চেঞ্জারদের নতুন সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৮:৫৪ পিএম
মানি চেঞ্জারদের নতুন সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

ঢাকা: বৈদেশিক মুদ্রা নিরাপদে রাখতে মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব হিসাব মাত্র বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। তবে এই হিসাবে কোনো ধরনের সুদ প্রদান করবে না ।  

সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সীমা এবং ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখা সাপেক্ষে এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করতে পারবে মানি চেঞ্জাররা। তবে, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে নগদ অর্থ পরিবহনের জন্য বৈধ ‘ক্যাশ-ইন-ট্রানজিট’ (সিআইটি) বিমা সংরক্ষণ করতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংক থেকে নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অথবা নিরাপত্তা প্রহরীসহ সুরক্ষিত পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে হবে। দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্ট সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপের বিপরীতে অর্থ উত্তোলন করা যাবে। তবে উত্তোলনের পরিমাণ সংশ্লিষ্ট হিসাবের স্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে কোনো ওভারড্রাফট বা ঋণসুবিধা প্রদান করা যাবে না।

এছাড়া এসব হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স এবং তৃতীয় পক্ষের অনুকূলে লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব লেনদেন অবশ্যই বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরও নিরাপদ ও কার্যকর হবে আশা করছে সংশ্লিষ্টরা।

এএইচ/পিএস

Link copied!